চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল হওয়ার পর তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন সমর্থক চেইনসো দিয়ে মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে দেন। এতে মহাসড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে গাছ অপসারণের কাজ শুরু করে। পুলিশ জানায়, যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আদালতের রায়ের পর আইনজীবীরা জানিয়েছেন, চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে, না জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে বিজয়ী ঘোষণা করা হবে—সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

