ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আনোয়ারায় প্রাইভেট জিপে প্রায় ৪ হাজার ইয়াবা, আটক ২

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র‌্যাব-৭-এর অভিযানে একটি প্রাইভেট জিপ থেকে ৩ হাজার ৮৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ওই প্রাইভেট জিপটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজসংলগ্ন সরকারহাট গরুর বাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগুড়ী এলাকার মো. রনি ইসলাম ওরফে সাবু হাসান (৩০) এবং আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রহমত আলী (৪৩)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কালো রঙের ১৯৯৫ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-২১৯২) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে ৩ হাজার ৮৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও জব্দ করা গাড়িসহ আটক দুইজনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, র‌্যাব-৭ আটক দুই ব্যক্তিকে ইয়াবাসহ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।