চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি লোকাল মিনিবাসের ধাক্কায় জান্নাতুল মাওয়া (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার শহীদুল্লাহর মেয়ে। তিনি ৫২ নম্বর মসজিদদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

