ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রূপগঞ্জে স্বর্ণ লুটে বৃদ্ধা হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ঘরে ঢুকে বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব উপজেলার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি জুমার নামাজের সময় রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে একা ছিলেন সাফিয়া বেগম। এ সুযোগে রুবেল মিয়া স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় সাফিয়া বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ রুবেল মিয়াকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী আদালতের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।