জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে চায় না। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানে দলীয় পদধারী ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সরকার প্রশাসনকে দলীয়করণের পথে এগোচ্ছে।
রোববার (২৬ জুলাই) ঝিনাইদহ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বিসিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপির পদধারী নেতাকর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ব্যক্তিদের পরিবর্তে দলীয় লোক নিয়োগ করা হলে দেশে সুশাসন ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে বিএনপির পদধারী একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার ভাষ্য, এর মাধ্যমে সরকার নির্বাচন কমিশনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আখতার হোসেন বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না। তিনি বলেন, জনগণ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে, বিএনপিরও তা মনে রাখা উচিত।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই শহীদ প্রকৌশলী রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক ও মা হাফিজা খাতুন, শহীদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম সরোয়ার তুষার শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে তার বিচার হওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে বিএনপি তা বাস্তবায়ন করেনি।
ডা. মাহমুদা মিতু বলেন, দেশে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাই বেড়েছে এবং সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
এর আগে দুপুর ২টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহিদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই শহীদ প্রকৌশলী রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

