চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত আলেকদিয়া সাগর উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, ভিটামাটি ও কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
রোববার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের গেটসংলগ্ন এলাকায় স্থানীয়রা প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়াসহ আশপাশের কয়েকটি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। এ সময় তারা ভিটামাটি ও কৃষিজমি রক্ষার জন্য দ্রুত বালু উত্তোলন বন্ধ এবং বেড়িবাঁধ সংস্কারের জোর দাবি জানান।
স্থানীয়দের দাবি, আলেকদিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। উপকূলীয় ঝুঁকি বিবেচনায় আলেকদিয়া গ্রাম রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনিক নজরদারি জোরদার করার দাবি জানান তারা।
এ ছাড়া, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। গত সোমবার সকালে একদল ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলনকারী চক্র কৃষিজমি দখল ও মাটি ভরাটের চেষ্টা করলে স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা তাদের ধাওয়া দেন। জনরোষের মুখে তারা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।



