ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় স্কুলের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:০৫ পিএম
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হারুন উর রশিদ নামে এক স্কুলের দপ্তরিকে কুপিয়ে জখম জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ ঘটনা ঘটে।

আহত হারুন-উর রশিদ একই উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।

আহত হারুন-উর রশিদ জানান, সকালে নাস্তা করার জন্য তিনি বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। 

তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই হাত ও পেটে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। 

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে ভুক্তভোগী এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তিনি জানালে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’