ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

কক্সবাজারে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১০:০৯ এএম
আটক আহসান উল্লাহ। ছবি : রূপালী বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর সকাল ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামক ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল সে।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।