ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

উখিয়া-টেকনাফের সৈকতে ভেসে এলো বড় আকারের দুটি মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে সমুদ্র সৈকতের দুটি পৃথক স্থানে ভেসে এসেছে বড় আকারের দুটি মৃত ডলফিন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ডলফিন দুটি ভেসে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর মধ্যে উখিয়া উপজেলার মাদার বনিয়া সমুদ্র সৈকতে একটি এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী সমুদ্র সৈকতে আরেকটি মৃত ডলফিন পাওয়া গেছে। সৈকতে ভেসে আসা ডলফিন দুটি দেখতে স্থানীয়দের ভিড় জমেছে।

স্থানীয়রা জানান, ডলফিন দুটি আকারে বড় এবং শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে সাগরে ডলফিনগুলোর মৃত্যু হয়েছে এবং জোয়ারের পানিতে ভেসে এগুলো তীরে এসেছে।

খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডলফিনগুলোর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন তারা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জালে আটকা পড়া, নৌযানের ধাক্কা কিংবা প্রাকৃতিক কারণে ডলফিনগুলোর মৃত্যু হতে পারে।

বন বিভাগ ও মৎস্য বিভাগকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবেশগত ঝুঁকি এড়াতে ডলফিনগুলো দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।