ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিয়ানমারে পাচারকালে ২২ জনকে আটক, জব্দ সিমেন্ট ও দেশি পণ্য

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:২৬ পিএম
জব্দকৃত সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ পাচারকারীরা। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।