শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ আগুন লেগেছে। এ ঘটনায় জাহাজের এক কর্মী জাহেদ হোসেনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম নিশ্চিত করেছেন, আগুন লাগার সময় জাহাজটি নদীতে নোঙর করা ছিল এবং কোনো পর্যটক জাহাজে উপস্থিত ছিলেন না।
তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জাহাজে আগুন লাগে। কোস্টগার্ড ও দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, আগুন লাগার সময় ঘাটের কাছাকাছি আরও কিছু পর্যটকবাহী জাহাজ ছিল। কিন্তু সেসব জাহাজে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কক্সবাজার প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের বাকি অংশে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন