ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৯২ হাজার ৬০০ টি ইয়াবা ও প্রাইভেটকারসহ কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:০৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রেজাউল করিম (৩২)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার শহরের দিকে আসা একটি সাদা রঙের প্রভোক্স প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে কক্সবাজার পৌরসভার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে পাকা সড়ক থেকে গাড়িটি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেজাউল করিম দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের প্রভোক্স প্রাইভেটকার (রেজি. নং—চট্টগ্রাম মেট্রো-খ-১১-১২৫৭)।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।