চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ সময় খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রিজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় তার কাছ থেকে একটি সিমসহ বাটন মোবাইল ফোন আলামত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্সের প্যান্ট ছিল।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-এক দিনের ভেতর দুবৃর্ত্তরা যুবকের লাশ ছড়াখালের পানিতে ফেলে রেখে যায়।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন