কক্সবাজারের উখিয়ার শীলখালী এলাকায় মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৭ এপ্রিল) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবোঝাই মিনি পিকআপে তল্লাশি চালায়। এ সময় মাছের ড্রামের ভেতর স্কচ টেপ দিয়ে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) এবং হেলপার মো. ফয়সাল (২০)-কে আটক করা হয়। আটক ফিরোজ টেকনাফের নতুন পল্লানপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত মন্তাজের ছেলে এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেকপোস্টে সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি চালানো হলে মাছের ড্রামের ভেতরে থাকা ২০টি পোটলা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা টেকনাফের লামা বাজার এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন