ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ রোহিঙ্গা উদ্ধার, আটক ২ পাচারকারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:৫১ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫–এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার বাসিন্দা নেয়ামত উল্লাহ (২৯) ও শাহ আলম (৩৭)। তারা দুজনই স্থানীয় বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, উখিয়ার বালুখালী ক্যাম্পসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকজন রোহিঙ্গাকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব।

এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামানোর চেষ্টা করলে চালকসহ আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মাথাপিছু এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছিল। টাকা না দিলে তাদের জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।