ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান, ২৬ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে গাছ কেটে পাচারের সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ। একই সঙ্গে বন ধ্বংসে জড়িত একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সক্রিয়তার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের দোছড়ি, থাইংখালী ও উখিয়া সদর বিট এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের একাধিক টিম অংশ নেয়। এ সময় বনাঞ্চলের ভেতরে গাছ কাটারত অবস্থায় ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কাটা গাছ, জ্বালানি কাঠ এবং গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয় বলে বন বিভাগ জানায়। ধারণা করা হচ্ছে, এসব কাঠ স্থানীয় বাজারে এবং রোহিঙ্গা ক্যাম্পে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছিল।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র উখিয়ার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে রোহিঙ্গাদের দিয়ে অবৈধভাবে গাছ কেটে পাচার করে আসছিল। এসব কর্মকাণ্ডের কারণে বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রোহিঙ্গাদের ব্যবহার করে বনভূমি উজাড় করে আসছিল। আজকের অভিযানে তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।’

অভিযানে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের বন ধ্বংসের ঘটনা প্রতিরোধ করা যায়।’