কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার আসামি জমির উদ্দিনকে (৪০) আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি আজুফা আক্তার মানু নামক একটি ফিশিং বোটে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে কুতুবদিয়ার শাহাদাত হোসেন খোকন নামক এক জেলে নিহত হয়। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনায় জড়িত আসামিদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায়, বুধবার দুপুর ২টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়।
তিনি জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত জলদস্যুর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

