কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় রোববার (১০ মে) রাত ৩টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদকপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন