কুমিল্লায় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অবরোধে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার তিনটি টার্মিনাল থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগ, কুমিল্লা-চাঁদপুর রুটে ‘আইদি পরিবহন’ নামে একটি সার্ভিস দীর্ঘদিন কোনো রুট পারমিট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে চলাচল করছিল।
১৬ ডিসেম্বর এই সার্ভিসের কিছু বাস জাঙ্গালিয়া বাস টার্মিনালে এনে অবৈধভাবে সেবা চালু করা হয়। এর প্রতিবাদে কুমিল্লা জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ১৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় কেন্দ্রীয় তিনটি টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচলে অবরোধ ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন