কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানা এলাকার রাজাবাড়ী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বুধবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
এ সময় মুরাদনগরের গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট ভূমি দখলমুক্ত করা হয়।
এ সময় দখলদারদের সতর্ক করে দেওয়া হয় যে, পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. সাকিব হাসান খান জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম, নূরুল ইসলাম আবন এবং ওসমান মিয়ার ছেলে আবুল বাশারসহ সাতটি পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সরকারি ভূমি জবরদখল করে রেখেছিল। এ বিষয়ে একই গ্রামের নূরুল হক ভূঁইয়ার ছেলে ইয়ার হোসেন এবং আবদুল হক দারোগার ছেলে শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন।
সহকারী কমিশনার মো. সাকিব হাসান খান বলেন, ‘গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে বৈলঘর মৌজায় উচ্ছেদকৃত ভূমির বাজারমূল্য প্রায় কোটি টাকা।’
উচ্ছেদ অভিযানে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ, বাংগরা বাজার থানা পুলিশের সদস্য এবং পল্লী বিদ্যুৎ প্রতিনিধিরা অংশ নেন।


