ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটকেন্দ্র দখল ও টাকার বিনিময়ে সংসদ সদস্য হয়েছেন, বিএনপি প্রার্থীকে আসিফ মাহমুদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা নামে বিভাগ এবং বাঙ্গরা থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল ও টাকা দিয়ে ভোট কেনার সুযোগ বন্ধ করা গেলে মুরাদনগর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে উদ্দেশ করে বলেন, তিনি যতবার নির্বাচিত হয়েছেন, প্রতিবারই ভোটকেন্দ্র দখল ও টাকার বিনিময়ে ভোট কিনে সংসদ সদস্য হয়েছেন।

পথসভায় তিনি বলেন, পাঁচবারের একজন সংসদ সদস্য ২৫ বছর ক্ষমতায় থেকেও যা করে দেখাতে পারেননি, মাত্র ১৫ মাসেই তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে মুরাদনগরে। উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘ঐ মার্কাই আমার মার্কা।’

এ সময় তিনি ঘোষণা দেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

পথসভায় জামায়াতে ইসলামী মজলিসে শুরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন: জামায়াতে ইসলামী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী ইউসুফ সোহেল, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি মুরাদনগর উপজেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার এবং জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সাবেক আমির মনসুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।