ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্নীতি বন্ধ হলে উন্নয়ন অটোমেটিক দ্বিগুণ হবে : তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৬ পিএম
বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের । ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, দেশের সব সমস্যার মূলে রয়েছে দুর্নীতি। এই দুর্নীতি যদি বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন অটোমেটিকভাবে দ্বিগুণ হয়ে যাবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. তাহের বলেন, ‘এবারের নির্বাচনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। গত ৫৬ বছরে দেশে যে অত্যাচার, দখলবাজি, লুটতরাজ, চরিত্রহীনতা, কু-সংস্কৃতি ও নোংরা রাজনীতি চলেছে—তার কবর রচনা করে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন সময় গেছে, যখন দেশটি পরপর তিনবার দুর্নীতিতে বিশ্বে এক নম্বর হয়েছিল। অথচ বাংলাদেশের প্রধান সমস্যা কোনো সম্পদের অভাব নয়, মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি দূর করতে পারলেই দেশ আপনাতেই এগিয়ে যাবে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের মূল লক্ষ্যই হলো দুর্নীতি বন্ধ করা। আমরা অতীতেও এর প্রমাণ দিয়েছি। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় জামায়াতের দুজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সে সময় তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সক্ষমতা আমাদের রয়েছে—এটা আমরা আগেই প্রমাণ করেছি।’

নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. তাহের বলেন, ‘নির্বাচনের দিন দুটি ভোট হবে—একটি দাঁড়িপাল্লায় ভোট, অপরটি ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট। আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেব। কারণ ‘হ্যাঁ’ মানে বাংলাদেশের স্বাধীনতা, আর ‘না’ মানে দিল্লির বশ্যতা। আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না।’

ইউনিয়ন জামায়াতের আমির কাজী মো. আবদুল কাদেরের সভাপতিত্বে এবং জামায়াত নেতা আশরাফুল ইসলাম ইমরান লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান এবং সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ইকবাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ব্যাংকার আবদুল মান্নান ভুঁইয়া, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্লাহ, ব্যবসায়ী এরশাদ উল্লাহ মজুমদার, এটিএম খোরশেদ আলম ও সমাজসেবক আবদুর রাজ্জাক প্রমুখ।

এ সময় জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।