ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরীক্ষাকক্ষে হাঁটুসমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৮:০৫ পিএম
কুমিল্লায় জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

কুমিল্লা শহরে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে নগরজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। হাঁটুসমান পানি জমে গেছে প্রধান সড়ক, গলিপথ ও আবাসিক এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকায় পানি জমতে থাকে। দুপুরের দিকে পরিস্থিতি আরও খারাপ রূপ নেয়। দেড় ঘণ্টার বৃষ্টিতেই কান্দিরপাড়, চকবাজার, রানীরবাজার, শাসনগাছা ও ধর্মপুর এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করে। অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এই দুর্ভোগের সবচেয়ে বেশি প্রভাব পড়ে এসএসসি পরীক্ষার্থীদের ওপর। ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে মোমবাতি ও চার্জলাইটের আলোয় পরীক্ষা দিতে বাধ্য হয় শিক্ষার্থীরা। কোথাও কোথাও আবার কেন্দ্রের ভেতরেই পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীদের দাঁড়িয়ে কিংবা বেঞ্চে উঠে পরীক্ষা দিতে হয়েছে।

পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থীকে হাঁটু কিংবা কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্র ত্যাগ করতে দেখা গেছে। এতে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়।

এক অভিভাবক জানান, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। পরে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা চললেও অতিরিক্ত বৃষ্টির কারণে কেন্দ্রে পানি ঢুকে পড়ে। পুরোনো ভবনে থাকা শিক্ষার্থীরা দীর্ঘ সময় পানির মধ্যে দাঁড়িয়ে পরীক্ষা দেয়, যা ছিল অত্যন্ত কষ্টকর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণেই সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়ছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত পাঁচ বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ করা হলেও বাস্তবে পানি নিষ্কাশনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। নগরীর বিভিন্ন এলাকায় বক্স ড্রেন নির্মাণ করা হলেও সেগুলো কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পানি জমে থাকছে। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক জানান, অতীতে উন্নয়নের নামে অনিয়মের কারণে জলাবদ্ধতা সমস্যা রয়ে গেছে। তিনি দায়িত্ব নেওয়ার পর কিছু খাল পুনঃখনন করেছেন এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকালেই কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।