কুমিল্লার লাকসামে বাবার সঙ্গে অভিমান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে নিজ কর্মস্থল গ্রামের মৎস্য খামারে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত যুবকের নাম রিপন হোসেন (২০)। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামের নাজির আহমেদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে রিপনের মান-অভিমান চলছিল। শুক্রবার রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি নিজ কর্মস্থলে গলায় ফাঁস দেন। শনিবার (৯ মে) সকালে খামারের মালিক আবুল বশর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি রিপনের বাবার একটি গরু বিক্রি করাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন স্বজনরা। এ ছাড়া নিহতের ভাই অভিযোগ করেন, তাদের বাবা নিয়মিত নেশা করতেন, যা পরিবারে অশান্তির অন্যতম কারণ ছিল।
স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও মো. শাহাবুদ্দিন জানান, পারিবারিক অভিমান ও মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন