নগরীর যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি টমসমব্রিজ থেকে কোটবাড়ি বিশ্বরোড সড়কের ওপর থাকা কাঁচাবাজারও উচ্ছেদ করা হয়।
রোববার (১৯ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নাজিয়া হোসেন।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্রধান সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় টমসমব্রিজ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে নগরবাসী ছাড়াও বিভিন্ন কাজে শহরে আসা মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সময় নষ্ট হচ্ছিল।
অভিযান শেষে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে যানজট কমানো, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তিনি জানান, কোনো স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়। নোটিশ অমান্য করে যারা অবৈধভাবে স্থাপনা বজায় রাখেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়কের ওপর থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মুরগি বিক্রেতা জাবেদ হোসেন বলেন, আগে থেকেই উচ্ছেদের বিষয়ে জানানো হয়েছিল। এরপরও ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ চেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলেও শেষ পর্যন্ত বাজার উচ্ছেদ করা হয়েছে। এখন মালামাল নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
সবজি ব্যবসায়ী হৃদয় হোসেন জানান, তার দোকানটি ভেঙে ফেলা হয়েছে। তিনি কোনোরকমে মালামাল সরিয়ে নিতে পেরেছেন। দীর্ঘদিন ধরে সেখানে ভাড়া দিয়ে ব্যবসা করলেও ভাড়ার টাকা কারা নিতেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অভিযানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

