দিনাজপুরে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
একই সময়ে বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুই বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বোচাগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অগ্নিসংযোগের কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

