হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর শীতল বাতাসে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো জেলা। সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
পরে দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৯টায় নির্ণীত চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী।
দিনাজপুরের পাশাপাশি রংপুর বিভাগের বিভিন্ন জেলাতেও শীতের প্রকোপ স্পষ্ট। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড অনুযায়ী, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮.০ ডিগ্রি, রাজারহাটে (কুড়িগ্রাম) ৯.৮ ডিগ্রি, ডিমলায় (নীলফামারী) ১১.০ ডিগ্রি ও রংপুরে ১২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে সকাল থেকে সড়কে যান চলাচল কমে গেছে। স্কুলগামী শিশু ও বয়স্করা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক এলাকায় শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষ খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সকালে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন