ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৪২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক শ্রমিক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বাল্কহেডটি চরভদ্রাসন সদর ইউনিয়নের টিলার চর এলাকার ঘাট থেকে ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের উদ্দেশে রওনা হলে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হয়।

নিখোঁজ শ্রমিক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা মজিবুর শেখের ছেলে আরিফ শেখ (৪৫)। শ্রমিক নিখোঁজ হওয়ার পর ফরিদপুর ও চরভদ্রাসন ফায়ার স্টেশন, ফরিদপুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

জানা যায়, শ্রমিক বলগেটে বালু লোড-আনলোডের মজুর হিসেবে কাজ করতেন। বুধবার বিকেলে উপজেলার টিলার চর গ্রাম থেকে পদ্মার ঘাট থেকে বলগেটটি ফরিদপুর জেলার সিঅ্যান্ডবি ঘাটের উদ্দেশে রওনা হয়।

এ সময় বাল্কহেডটি মোড় ঘুরতে পদ্মা নদীতে পেছন দিকে যেতে থাকে এবং হঠাৎ শ্রমিক আরিফ শেখ বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

পরে বাল্কহেডে থাকা অন্যান্য শ্রমিক আরিফকে না দেখে নদীতে খুঁজতে থাকে এবং চরভদ্রাসন ফায়ার সার্ভিসকে খবর দেয়। এখন পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পদ্মা নদীর উক্ত পয়েন্টে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে পদ্মা নদীর উক্ত পয়েন্টে প্রচণ্ড স্রোত থাকায় এখনো নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

চরভদ্রাসন ফায়ার স্টেশন মাস্টার মোর্তাজা ফকির জানান, চব্বিশ ঘণ্টা পার হলে পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তির মরদেহ স্বাভাবিকভাবে ভেসে ওঠার সম্ভাবনা থাকে। তাই আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করে আবার তল্লাশি অভিযান চালানো হবে।