ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন

ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১২:৩৬ এএম
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান তোতা মাস্টারের দাফন সম্পন্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান তোতা মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর নিজ বাড়ি সংলগ্ন স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জাফর হোসেন, মরহুমের ভাগিনা ব্রিগেডিয়ার জামিল আহমেদ মিটু, অ্যাডভোকেট মিঠুন, মো. লাবলু মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, এদিন ভোর আনুমানিক সাড়ে ৪টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মাঝারদিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।