ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৫৮ পিএম
আটক কাইয়ুম মোল্যা। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই নারী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া সাধারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাইয়ুম মোল্যা ওই এলাকার রোকন মোল্যার ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৫ জুন মানসিক প্রতিবন্ধী ওই নারীকে কাইয়ুম মোল্যা তার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর সে ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি গোপন রাখতে চাপ দেয়।

পরবর্তীতে ওই নারীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করা গেলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনি কাইয়ুম মোল্যার নাম প্রকাশ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সালথা থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। বর্তমানে ভুক্তভোগী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করেছে।

সালথা থানার ওসি মো. বাবুলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’