ফরিদপুরের সদরপুরে আকোটের চর ইউনিয়নের ছলেনামা এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে দাদন ফকির নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফসলি জমির উর্বরতা নষ্ট, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করা এবং পার্শ্ববর্তী বসতবাড়ির ক্ষতি করার দায়ে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
দণ্ডপ্রাপ্ত দাদন ফকির সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের মোবারক ফকিরের ছেলে।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারায় দাদন ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন