ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান ও সহ-সভাপতি বাদল মুন্সীসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
এ উপলক্ষে আয়োজিত জনসভায় ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় নির্বাচন করতে পাঠিয়েছেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি নেতাকে বলেছিলাম, এত সংগ্রাম করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এখন আবার আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় লড়াই করতে পাঠাচ্ছেন। তখন তিনি বলেছিলেন, উর্বর জমিতে সবাই ফসল ফলাতে পারে, কিন্তু পাথরের জমি বা মরুভূমিতে ফসল ফলাতে পারাই প্রকৃত কর্মীর পরিচয়।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে এলাকায় এসে ব্যাপক সাড়া পেয়েছেন। যেখানে যাচ্ছেন, সেখানেই শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি তাকে আবেগাপ্লুত করে তুলছে। মানুষের এই ভালোবাসা নিয়েই রাজনীতি করতে চান বলে জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঘারুয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলিমুজ্জামান মধু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সদ্য যোগ দেওয়া আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সী এবং স্থানীয় নেতা লুৎফর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

