ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তা বোধ তৈরি করেছে।
উপজেলা সদর বাজার থেকে যৌথ বাহিনী মহড়া শুরু করে রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের প্রতিটি বাজার ও কেন্দ্র ঘুরে দেখে। উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথ বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়। এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।
মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সালথা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
মহড়া চলাকালীন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, সালথা থানার ৮টি ইউনিয়নব্যাপী নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে ও সাধারণ ভোটারদের আস্থা বাড়াতে যৌথভাবে মহড়া চলছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে। ভোটাররা যাতে নির্বিগ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে যৌথ বাহিনী।
সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য স্থানীয়দের মাঝে তুলে ধরে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে তাদের প্রচেষ্টা অব্যহত রাখবে। এই নির্বাচন প্রক্রিয়াকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলাবিষয়ক যে সব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ চলমান আছে, সেগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যাশা সকলের সহায়তায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে পারব।
মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ সদস্য এতে অংশ নেন।

