ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
জরিমানা পাওয়া ব্যক্তি কাজী বজলু রহমান। তিনি সদরপুর উপজেলার আটরশি গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাজী বজলু রহমান ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করছিলেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট হচ্ছিল।
অভিযানের সময় তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় ভাঙ্গা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, অভিযুক্ত ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করেছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় এবং তিনি তা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

