ফরিদপুর জেলা ছাত্রদলের কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সোহেল মুন্সি দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা ছাত্রদল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস যৌথভাবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে তাৎক্ষণিকভাবে চূড়ান্তভাবে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বহিষ্কারের দিন থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহার সংক্রান্ত দায়ভার জেলা ছাত্রদলের ওপর থাকবে না।
সৈয়দ আদনান হোসেন (অনু) বলেন, ‘ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। যারা শৃঙ্খলা ও নীতিমালা অমান্য করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখব।’
তিনি আরও বলেন, ‘সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা সবসময় আপসহীন। যারা নিয়মনীতি মেনে চলবে না, তাদের জন্য ছাত্রদলে কোনো স্থান নেই।’
দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। আমাদের প্রত্যেক সদস্যকে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে।’


