ফরিদপুরের সালথা উপজেলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরাম মোল্লা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম মোল্লা ইজিবাইকে করে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি নসিমনের সঙ্গে তার বহনকারী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনায় জড়িত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


