২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই জন সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া নার্সরা হলেন, নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
আদেশে বলা হয়, ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ পাওয়ায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয় এবং পরে তা কর্তৃপক্ষের নজরে আসে।
এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটারের পরিবেশ, রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংরক্ষণের মৌলিক নীতির পরিপন্থি। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও নার্সিং পেশার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে।
আদেশে বলা হয়, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে অপারেশন থিয়েটারের সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান বজায় রাখার দায়িত্বে থাকা সত্ত্বেও কল্পনা রানী মণ্ডল ও রানী বালা হালদার অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর তদারকি, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। তাদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।
এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত। এ কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার স্বার্থে এবং মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে আদেশ জারির তারিখ থেকে কল্পনা রানী মণ্ডল ও রানী বালা হালদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে বিধি অনুযায়ী তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় হাসপাতালে কর্মরত আরও কয়েকজন নার্স ও চিকিৎসকের সম্পৃক্ততা থাকার অভিযোগ থাকলেও শুধুমাত্র আলোচিত ভিডিওতে দৃশ্যমান দুজন নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দুজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকের সংক্রমণের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে, এমন অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।



