ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্নীতির লাগাম টেনে ধরতে ধানের শীষের বিকল্প নেই : তারেক রহমান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৭ পিএম
বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচারদের নিয়ে আলোচনা-সমালোচনা করলে জনগণের লাভ হবে না। সুতরাং আমরা যেভাবে জনগণের কল্যাণ হবে সেই কাজগুলো করব। ধানের শীষকে নির্বাচিত করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ধানের শীষ সরকার গঠন করতে পারলেই আমরা খালেদা জিয়া ও শহীদ জিয়ার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব, যাতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তিত হবে। তাই ধানের শীষের বিকল্প নেই।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর এলাকার মানুষের ওপর বিএনপির একটি হক আছে; এবং বিএনপির ওপরও মানুষের হক রয়েছে। খালেদা জিয়া এ এলাকার সন্তান, স্বাভাবিকভাবে ধানের শীষের বিজয়ে তার সম্মান বৃদ্ধি পাবে। সবাই মিলে খালেদা জিয়ার সম্মান আসমানের উচ্চতায় তুলে ধরবেন, ইনশাআল্লাহ। আসুন আমরা ১২ ফেব্রুয়ারি গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠিত করি। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার সমস্যা সমাধান সম্ভব হবে। গত ১৫ বছরে দেশের অধিকাংশ মানুষের জন্য সঠিক প্রতিনিধি ছিল না। এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আপনারা আমাদের সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছরে আমাদের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বর্তমানে একটি দল পুনরায় ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে এবং ভোটের দিন আপনার ভোটাধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। ফজরের নামাজ আদায়ের পর কেন্দ্রে ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

তারেক রহমানের ভাষায়, ‘সারা দেশে মানুষ জানে কীভাবে মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে গেছে। এখন একটি পরিবর্তনের সুযোগ এসেছে। আমাদের প্রথম ঠিকানা এবং শেষ ঠিকানা অবশ্যই এই দেশ। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে নির্বাচিত করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।’

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের ১৩টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃহত্তর নোয়াখালীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসমুদ্রের মতো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তারেক রহমান প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। পরে তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।