ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ডা. পদবী ব্যবহার করার কারণে ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ করেছেন ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা।

শোকজ পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিকের বিরুদ্ধে নির্বাচনি আইন সংক্রান্ত অভিযোগ এসেছে।

অভিযোগ অনুযায়ী, ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের পূর্বে ‘ডা.’ পদবী ব্যবহার করেছেন, কিন্তু নির্বাচনি হলফনামায় এই পদবী উল্লেখ করা হয়নি। এটি সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।

উল্লেখ্য, এম.বি.বি.এস বা বিডিএস ডিগ্রিধারী না হয়ে ডাক্তার পদবী ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এই কারণে ফখরুদ্দিন মানিককে আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় কমিটির অস্থায়ী কার্যালয় তথা বিচারকের কাছে নিজে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না বা পূর্ণাঙ্গ অনুসন্ধানসহ নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন প্রেরণ করা হবে না।