ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৩৫ এএম
মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারমূলক লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করেছেন। তবে তার নির্বাচনি হলফনামায় এই পদবি উল্লেখ করা হয়নি। এটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়েছে।

এ ছাড়া নোটিশে বলা হয়েছে, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াও ডাক্তার পদবি ব্যবহার করা ‘গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২’-এর ৭৭(৩)(খ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য।

এ ব্যাপারে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।