গাজীপুরের কালীগঞ্জে ধানখেত থেকে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের শরীফ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ইসমাইল হোসেনের মরদেহ এলাকার কোরুইল্লার টেক ব্রিজের নিচের ধানখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইসমাইলকে হত্যা করে ধানখেতে মরদেহ ফেলে রেখে যায়।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ রানা শামীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।


