মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজবাড়ি মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে গাজীপুরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠজুড়ে ব্যানার, ফেস্টুন ও সাজসজ্জার কাজ চলছে। গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা জনসভায় অংশগ্রহণ করবেন।
জনসভা উপলক্ষে সকাল ১১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এরপর দুপুরের পর প্রধান অতিথি ডা. শফিকুর রহমান জনসভাস্থলে উপস্থিত হবেন। তিনি জোটের পক্ষ থেকে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সাধারণ জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
গাজীপুর মহানগর জামায়াত আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আমিরে জামায়াত এই জনসভায় গাজীপুরবাসীর সামনে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকে এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। আমরা আশাবাদী, গাজীপুরের জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি তাদের রায়ে সরকার গঠনের সুযোগ করে দেবে।’
তিনি আরও বলেন, ‘এই জনসভায় অতীতের সকল রেকর্ড ভেঙে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নারী কর্মীর উপস্থিত থাকবে।’
এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

