ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন ঘিরে গাজীপুরে যান চলাচলে নিষেধাজ্ঞা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:১৯ এএম
গাজীপুরে মোটরসাইকেলসহ যান চলাচলে নিষেধাজ্ঞা। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মহানগর এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

জনপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন আচরণবিধির আলোকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার।