ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক জয়দেবপুর রাজবাড়ি মাঠ এলাকাকে কেন্দ্র করে এ টহল কার্যক্রম পরিচালিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া যৌথ টহল শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো প্রদক্ষিণ করে।
টহল কার্যক্রমে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়ার নজির। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়ার নজির বলেন, নির্বাচনকে ঘিরে গাজীপুরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে টহল কার্যক্রম চলাকালে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ লক্ষ করা যায়। অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নির্বাচনকে ঘিরে মানুষের নিরাপত্তা ও আস্থা আরও বাড়বে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, চেকপোস্ট ও নজরদারি আরও জোরদার করা হবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

