গাজীপুর মহানগরের বাসন থানার এলাকায় এক নারী ব্যবসায়ীর বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহানগরের দিঘিরচালা এলাকার বাসিন্দা সোহাগী আক্তারের বাড়িতে গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। ভুক্তভোগীর দাবি, স্থানীয় একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়ির সামনে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেয়।
সোহাগী আক্তার অভিযোগ করেন, এর আগেও তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। বর্তমানে প্রতি মাসে এক লাখ টাকা করে নিয়মিত চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি দিঘিরচালা কসমেটিক গলিতে ‘আফিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। পাশাপাশি তিনি ওয়াইফাই ইন্টারনেট ব্যবসার সঙ্গেও জড়িত। তার দাবি, ব্যবসাকে কেন্দ্র করে এই চাঁদাবাজির ঘটনা ঘটছে।
এ ঘটনায় তিনি বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সোহাগী আক্তার বলেন, ‘আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।’
এ বিষয়ে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ‘অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


