ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে বন্ধুর ফাঁদে অপহরণ, আটক ৪

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের ভাওয়াল রাজবাগান এলাকায় বন্ধুর পরিচয়ে ডেকে নিয়ে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমান তালুকদার গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মারুফ হাসান, তানজিব হোসেন ও মো. সোহরাবসহ আরও একজন। তবে এ ঘটনায় জড়িত আরও কয়েকজন অজ্ঞাত সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুরের কলাপট্টি এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন আতিকুর রহমান। এ সময় তার পূর্বপরিচিত মারুফ হাসান কৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে হাড়িনাল নোয়াগাঁও এলাকার ভাওয়াল রাজবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও তিনজন যুবক অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছামাত্র মারুফ হাসান ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তারা সবাই মিলে আতিকুরের হাত-পা ও মুখ বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ১ হাজার ৪৫০ টাকা ছিনিয়ে নেন এবং তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে গাজীপুর সদর থানার টহল দল রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশ চারজনকে আটক করে এবং আতিকুরকে উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একটি সুইস গিয়ার ছুরি ও হাত-পা বাঁধার রশি জব্দ করা হয়েছে। আহত আতিকুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ‘এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’