ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরে ১৭ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌরসভা এলাকায় আটটি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। পাঁচটি প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজের সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭০৮ টাকা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী গাজীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পের কাজের উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর আওতায় উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরসভার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক মেরামতের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলে দুর্ভোগপূর্ণ সড়কগুলো সংস্কারের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি লাঘব করাই এসব প্রকল্পের মূল লক্ষ্য।

দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতে স্বস্তি ফিরবে। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।