গাজীপুর মহানগরীতে বন্ধ রাখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে যৌথ বাহিনী।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত ওই পাম্পে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ী এলাকার মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পাম্পটি থেকে ২৮ হাজার লিটার ডিজেল এবং ৫ হাজার লিটার অকটেন মজুত অবস্থায় জব্দ করা হয়।
মেজর শরিফুল আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা ওই পাম্পে গিয়ে দেখি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। অন্যান্য পাম্পে যেমন ভিড় দেখা যায়, এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটারের মতো অকটেন মজুত অবস্থায় জব্দ করি।’


