বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে “প্রফেসনাল ডেভলাবমেন্ট ট্রেইনিং ফর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি” শীর্ষক চার মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
তিনি বলেন, আবাসিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক, পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা। বর্তমান একাডেমিক পরিবেশে শিক্ষক-শিক্ষক এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, নির্ধারিত প্রতিটি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরস্পরের আরও কাছাকাছি আসবেন, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করবেন, যা ভবিষ্যতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী মনোভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক এবং বিদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জন এবং উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ধারাবাহিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চার মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক মানদণ্ডে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মো. মাহমুদুল হক এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান।


