গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত শুভ (১৬) নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। তিনি গাজীপুর সিটির শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শুভ।
মঙ্গলবার (১২ মে) ভোরে স্থানীয়রা উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শুভকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন